২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ নারী-পুরুষকে ‘পুশইন’ করল বিএসএফ

ফেরত আসারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে জানায় বিজিবি।

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ নারী-পুরুষকে ‘পুশইন’ করল বিএসএফ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেলেঙ্গা সীমান্ত এলাকা থেকে ১৯ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্ত দিয়ে ১৯ নারী-পুরুষকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। 

সোমবার সকালে উপজেলার কেলেঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

আটকরা হলেন- লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), তার মেয়ে আফরোজা (২৯), ছেলের স্ত্রী জেসমিন (২৩), তার পাঁচ বছরের মেয়ে, কাকলি বেগম (২২), তার দুই বছরের ছেলে, ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০) এবং ছখিনা বেগম (৬০)। বাকিরা শিশু ও কিশোর। তারা কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

বিজিবির জানায়, ভোরে কেলেঙ্গা সীমান্তের আওতাধীন ৯৮ পিলারের কাছে তাদের ছেড়ে দেয় বিএসএফ। সকালে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে নয়জন নারী, দুইজন শিশু ও আটজন পুরুষ।

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক। প্রায় ১০ বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন যান।

আটকদের পরিচয় শনাক্ত করার পর দুপুরে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।