২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

জামায়াতের প্রার্থী বলেন, একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে যুক্ত হয়েছেন।

নীলফামারীতে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনি পথসভায় দলে যোগ দেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 11:51 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার রাতে জেলা সদরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতের নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এসময় ফুল দিয়ে তাদের স্বাগত জানান নীলফামারী-২ আসনে জামায়াতের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ।

যোগ দেওয়া স্থানীয় নেতাদের মধ্যে রয়েছে- টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেন ও সাবেক ছাত্রদল কর্মী সোহেল ইসলামসহ অর্ধশতাধিক সমর্থক।

সভায় জামায়াতে যোগ দেওয়া বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, বিএনপির নেতারা এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তাদের ত্যাগ ও নির্যাতনের কোনো মূল্যায়ন হচ্ছে না। 

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়েছেন। এসব কারণেই তারা ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন।

কোনো দলের নাম না নিয়ে এ আসনের প্রার্থী আব্দুল লতিফ বলেন, একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে যুক্ত হয়েছেন। জামায়াতের আদর্শ ও জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।