২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপারে বিক্ষোভ, হিলি বন্দরে আধা ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ

“সীমান্তের ওপাড়ে বিক্ষোভ হয়েছে। আমরা এলার্ট ছিলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক।”

জিয়া শাহীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 10:32 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

ভারতের কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা নেতাকর্মীদের বিক্ষোভের কারণে দিনাজপুরের হিলি বন্দরে আধা ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ ছিল। 

হিলি স্থল বন্দরের ট্রাফিক পরিদর্শক মাসুদ রানা বলেন, “বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টা সীমান্তের দুই পাড়ের গাড়ি এবং লোকজনের চলাচল বন্ধ ছিল। তারপরেই সব স্বাভাবিক হয়ে যায়। ওই বিক্ষোভের কোনো প্রভাব পড়েনি।”

হিলি সীমান্তের কাছে কয়েকজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা নেতাকর্মীরা সীমান্তের জিরো পয়েন্টের কাছে এসে বিক্ষোভ করে। বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি না করার দাবি জানান তারা। এ সময় বিক্ষোভ দেখে সীমান্তের পাশের দোকান-পাট আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় বিজিবি সদস্য সীমান্তের জিরো পয়েন্ট ঘেঁসে অবস্থান নেয়। ভারত-বাংলাদেশ ঘেঁসা বাংলাদেশের রেললাইনের লোহার বেরিকেট ফেলে দেওয়া হয়। সীমান্ত বন্দর ছাড়াও হিলি রেলস্টেশন এলাকায় অধীক বিজিবি মোতায়েন করে প্রস্তুত রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শুরু হলে যাত্রী পারাপার এবং ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকও আটকা পড়ে। পরে ৫টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

২০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্তের ওপারে বিক্ষোভ হয়েছে। এতে কোনো প্রভাব পড়েনি। আমরা এলার্ট ছিলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক।”