২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

আহতদের মধ্যে গুরুতর দুইজনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 05:58 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে বজ্রপাতে এক কৃষকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া।

নিহত ফরাস মিয়া (৫০) ওই গ্রামের প্রয়াত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) এবং হাফিজুর রহমান (৫৫)।

ওসি মোনায়েম মিয়া বলেন, দুপুরে ফরাস মিয়া হাওরে নিজের ধানক্ষেত দেখতে যান। একই সময় সামছুল, জায়েদ ও হাফিজুর হাওরে কৃষি কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। 

এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাস মিয়া মারা যান। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ও জায়েদকে সিলেট হাসপাতালে পাঠান বলে জানান ওসি।