২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিটের ‘সাড়ে ৩ কোটি টাকার’ ফার্নেস অয়েল লুটের ঘটনায় মামলা

মামলায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে, বলেন ওসি।

সামিটের ‘সাড়ে ৩ কোটি টাকার’ ফার্নেস অয়েল লুটের ঘটনায় মামলা
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে ছিনতাই ফার্নেস ওয়েল ভরতি ওটি বিন জামান-১ উদ্ধারের পর মেঘনা ঘাটে নোঙর করা রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 11:35 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

মুন্সীগঞ্জের চর মুক্তারপুরের কাছে ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে জাহাজ ছিনতাই করে সামিট গ্রুপের সাড়ে ৩ কোটি টাকার ফার্নেস অয়েল লুটের ঘটনায় মামলা হয়েছে। 

শনিবার মামলাটি হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান।

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার ফজলে খোদা বাদী হয়ে মামলাটি করেন। 

এতে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে। 

তবে ঘটনার তিন দিনেও ফার্নেস অয়েল উদ্ধার বা ডাকাতদের শনাক্ত করা যায়নি। 

মামলার এজাহারে বলা হয়েছে, ৩৬০ দশমিক ৩৬ টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্লান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সকাল সাড়ে ৬টায় ডাকাতের কবলে পড়ে জাহাজটি।   

ইঞ্জিনচালিত ট্রলারযোগে পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সবাইকে ঘিরে ফেলে ডাকাতরা। এ সময় প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। 

মাস্টার সহিদুল শিকদার (২৯), ইঞ্জিন চালক জাকির হোসেন (৫০), সুকানি মোহাম্মদ কামাল (২৫), লস্কর মোহাম্মদ দিদার (৩৫), মোহাম্মদ জসিম (৪৫) এবং বাবুর্চি নিয়ামত উল্লাহকে (৫০) অয়েল ট্যাংকারের কেবিনে নিয়ে কালো রংয়ের টুপি পরিয়ে প্লাস্টিকের টাই দিয়ে হাত বেঁধে বন্দি করে রাখেন। 

চলন্ত জাহাজটি এক পর্যায়ে কোথাও থামানো হয়। 

সেখান থেকে সাড়ে ৩০০ টন ফার্নেস অয়েল লুট করে নেয় ডাকাতরা।  

পরে রাত ৮টার দিকে মেঘনা সেতুর কাছে অয়েল ট্যাংকারটির সন্ধান পায় পুলিশ।

ওটি বিন জামান-১ এর ইঞ্জিন রুমে বন্দী করে রাখা মাস্টারসহ ছয় স্টাফকে উদ্ধার করে পুলিশ। 

ওটি বিন জামান-১ এর ইঞ্জিন রুমে বন্দী করে রাখা মাস্টারসহ ছয় স্টাফকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ কাছাকাছি যেতেই ডাকাতরা তাদের ট্রলারে করে পালিয়ে যায়। পরে পুলিশ ভেতরে গিয়ে বন্দি ছয়জনকে উদ্ধার করে।  

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “মামলাটি সদর থানায় রেকর্ড করা হলেও যেহেতু বিষয়টি নৌপথের ঘটনা, তাই তদন্ত করছে নৌ পুলিশ।” 

মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ লুৎফর রহমান বলেন, “লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”

আরো পড়ুন:

ধলেশ্বরীতে জাহাজ ছিনতাই, সামিটের ফার্নেস অয়েল 'লুট'