নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত
নিহত নারীর বয়স ৪৫ এবং তার সঙ্গে থাকা ছেলে শিশুটি দুই বছরের হবে বলে পুলিশ জানিয়েছে।
নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরে নড়াইল-বেনাপোল রেললাইনে উপজেলার বরাশুলা এলাকার চিত্রা রেল সেতুতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি ওলি মিয়া জানান।
নিহত নারীর বয়স ৪৫ এবং তার সঙ্গে থাকা ছেলে শিশুটি দুই বছরের হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ওই নারী ও শিশু ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই নারী মারা যান। শিশুটি নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা জামাল উদ্দিন বলেন, “দুপুর ১টার দিকে ঘটনাস্থলে অনেক লোক দেখে এগিয়ে যাই। সেখানে ওই নারী মৃত অবস্থায় পড়ে ছিলেন। শিশুটি জীবিত আছে বলে মনে হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে আসি। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকেও মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, মা ও শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
