২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:19 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। 

সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান। 

তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। 

বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম। প্রধান সীমান্ত পিলার ৮৫৪ নম্বরের উপ-পিলার ৩ এর শূন্যরেখার কাছে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল সকাল ৬টার দিকে ওই গুলি চালায়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ গুলির শব্দে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শ্রীরামপুর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “নামাজ পড়ে ফেরার পথে দেখি মোটরসাইকেলে করে গুলিবিদ্ধ কয়েকজনকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে।”

সুবেদার কামাল উদ্দিন বলেন, “গুলি ছোড়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সীমান্তে যাই। ঘটনার পর পরই সীমান্তে টহল জোরদার করা হয়। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে পরে সময় জানাবে।”

৫ নভেম্বর ভোরে একই ইউনিয়নের সীমান্তে বিএসএফ তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও গুলি চালানোর ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।