Published : 12 Sep 2026, 06:18 PM
প্রযুক্তির হাত ধরে তৈরি হওয়া ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী তরুণ ঝাও হুইয়ান। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।
পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবিদা সুলতানা নামের ওই তরুণীর সঙ্গে আয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম বলেন, তাদের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের সর্বসম্মত সিদ্ধান্তে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে পরিচয় হয় চীনা তরুণ ঝাও হুইয়ানের। এক বছর যোগাযোগের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গত ২৫ অগাস্ট বাংলাদেশে আসেন সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের বাসিন্দা ঝাও হুইয়ান। রংপুরে এসে আবিদার পরিবারের সঙ্গে দেখা করলে উভয় পরিবারই তাদের সম্পর্ক মেনে নেয়।
এরপর ১০ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন আয়ান ইসলাম। ওই রাতেই পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।
ভিন্ন দেশের তরুণের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়। নবদম্পতিকে এক নজর দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ।
এরই মধ্যে তাদের খোঁজ-খবর নিয়েছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।