Published : 24 Jul 2026, 06:14 PM
গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের নকলা উপজেলার পোশাক শ্রমিক আব্দুল আজিজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির শেরপুর জেলা শাখার আহ্বায়ক লিখন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গৌড়দ্বার এলাকায় শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন নাহিদ ইসলাম।
এ সময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
লিখন মিয়া সাংবাদিকদের বলেন, “মূলত শুক্রবার জামালপুর জেলায় আমাদের পদযাত্রা ছিল। পদযাত্রা শেষে জামালপুর থেকে শেরপুর হয়ে ঢাকায় ফেরার পথে নকলায় ওই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এ সময় আজিজের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।”
নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের প্রয়াত মোজাম্মেল হকের মেজো ছেলে আব্দুল আজিজ গাজীপুরের বাসন থানা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
২০২৪ সালের ৫ অগাস্ট গাজীপুরে তার কর্মস্থলের কাছাকাছি ছাত্র আন্দোলন চলাকালে তিনি মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও ধারণ করছিলেন। এ সময় ছোড়া একটি রাবার বুলেট তার শরীরে লাগে।
এক সহকর্মীর সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর ৭ অগাস্ট আজিজের মৃত্যু হয়। পরদিন নকলা উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।
নকলা উপজেলার ইউএনও মো. জাহাঙ্গীর আলাম জানিয়েছেন, নিহত ব্যক্তি জুলাই শহীদের তালিকাভুক্ত।
এনসিপি নেতা লিখন বলেন, শুক্রবার শেরপুরেও পদযাত্রার কর্মসূচি ছিল। তবে বিশেষ কারণে সেটি স্থগিত করা হয়েছে।