হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র কারাগারে
পুলিশ বলছে, তার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যার মামলাও রয়েছে।
হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফখরুল ইসলামের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের এসআই আবু হানিফ জানান।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউরকে মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি নূরে আলম জানান, গত ২ অগাস্ট বিকালে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়।এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মোস্তাক আহমেদ।
এ ঘটনায় শহরতলীর উমেদনগর গ্রামের বাসিন্দা মামুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ ১১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মোস্তাক হত্যা মামলা ছাড়াও মেয়র আতাউর হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলারও আসামি।
