২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ‘চাঁদা না পেয়ে’ মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

সন্ধ্যায় সেখানে বাউলসংগীতের আসর বসার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 08:06 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

নাটোর সদরে ‘দাবি করা চাঁদা না পেয়ে’ একটি মাজারের বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাধা দিলে মাজারের এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বাউলসংগীতের আসর বসার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে ‘আল চিশতী মাজারের’ এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুর রহমান।

মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, “প্রতিবছর মাজারে ওরসের আয়োজন করি। গতবছরও এলাকায় এক লাখ টাকা চাঁদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। এবছরও তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি বলেছি প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বিষয়টি দেখব।

“এ বিষয়ে কথা বলতে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম আমাকে সোমবার সন্ধ্যায় ফোন করে ডেকেছিলেন। ব্যস্ততার কারণে যেতে পারিনি।”

তিনি বলেন, সোমবার সন্ধ্যার পরে আচমকা দরগায় হামলা চালায় বেশকিছু লোক। হামলাকারীরা অনুষ্ঠানের গেইট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের প্রয়োজনীয় কাগজপত্র থাকার ঘরে ভাঙচুর চালায়। এ সময় প্রাণের ভয়ে লুকিয়ে ছিলেন তিনি।

হামলাকারীরা মাজারের খাদেম খাদিজাকে পিটিয়ে আহত করে বলে জানান হোসেন কবিরাজ।

তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “ওই এলাকার ইমামসহ পাশের এলাকার ইমামরা মাজারের হওয়া খারাপ কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছিল। ইমামরা আমার কাছে আসলে, বিষয়টি জানার জন্য মাজারের সভাপতিকে ডেকেছিলাম। এর বেশি কিছু নয়।”

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক ব্যক্তি বলেন, মাজারের নাম দিয়ে সেখানে তারা গাঁজা-মদ সেবন করেন। প্রতিবছর এ সময় হলে দুই-তিন দিন ধরে সেখানে সাউন্ড বক্স লাগিয়ে অনুষ্ঠান করেন তারা। এলাকাবাসী নিষেধ করলেও শোনেন না। তাই এলাকাবাসী তাদের উচ্ছেদ করেছে।

পুলিশ পরিদর্শক মাহবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যায়। সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।