২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাফনের ৮১ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রিফাতের লাশ উত্তোলন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ অগাস্ট কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নবম শ্রেণির ছাত্র রিফাত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 12:14 AM

Updated : 26 Aug 2026, 10:48 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লার দাউদকান্দি উপজেলার রিফাতকে দাফনের ৮১ দিন পর তার মৃতদেহ উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর গ্রামে কবর থেকে লাশ উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী।

এ সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমদ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রিফাতের লাশ উত্তোলনের নির্দেশ দেয় কুমিল্লার একটি আদালত।

নিহত রিফাত হোসেন (১৪) সখীপুর গ্রামের প্রয়াত হানিফ মিয়া ছেলে। সে সুন্দুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন কয়েকশ শিক্ষার্থী। এক পর্যায়ে তারা উপজেলার শহীনগর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয় রিফাত। পরে তাকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরদিন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

মিছিলে গুলির ঘটনার এক সপ্তাহ পর ওই এলাকার রাজ্জাক ফকির বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০ থেকে ৮০ নেতাকর্মীর নামে থানায় একটি মামলা করেন। 

এর দুই সপ্তাহ পর রিফাতের মা নিপা আক্তার বাদী হয়ে ৩০ থেকে ৩৫ জনের নামে আদালতে আরও একটি মামলা করেন। 

মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার কুমিল্লা একটি আদালত রিফাতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান ওসি জুনায়েদ চৌধুরী।

রিফাতের মা নিপা আক্তার বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, প্রকৃত আসামিদের নাম উল্লেখ আদালতে মামলা করেছি। ছেলের মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমদ বলেন, পুলিশের সহযোগিতায় রিফাতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সুরতহাল রিপোর্টসহ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।