Published : 26 May 2026, 12:42 AM
বগুড়ার কাহালু উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ভ্যানের চালক।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন- উপজেলার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) এবং তার মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)।
পুলিশ জানায়, মা-মেয়ে দুপচাচিয়া উপজেলা সদরে চিকিৎসক দেখিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। বাসটি সড়কের পাশে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত ভ্যানের চালক শাওনকে (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও চালকের সহকারী (হেলপার) বাস রেখে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।