২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব: সারজিস আলম

এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন তিনি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থাকে ঠিক করে আইনশৃঙ্খলা বাহিনীকে মূল দায়িত্বে ফিরিয়ে এনে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, “এত রক্ত, এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়।”

তবে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা গেলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন সারজিস।

শুক্রবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে, সেটি আমানত মনে করি। মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব।”

বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড় জেলার মানুষ অনেক বৈষম্যের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, “কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কীভাবে আদায় করা যায় আমরা প্রাণপণে চেষ্টা করব।”

তিনি বলেন, “অনেক বিত্তবান ভালো মানুষ রয়েছেন। অনেক গার্মেন্টস মালিক রয়েছেন। তাদের সঙ্গে কেবল যোগাযোগ করা ও সদিচ্ছা থাকা দরকার। আমরা যে শীতবস্ত্র পেয়েছি, তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”

অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা-উপজেলায় কমিটি গঠনের কথা বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, পৌর বিএনপির সদস্যসচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট প্লিজার আব্দুল বারী, অ্যাডভোকেট খলিল হোসেন, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছিলেন।

এ সময় সারজিস আলম পঞ্চগড় পৌরসভার প্রায় এক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।