২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

অটোরিকশার পাশে মা-মেয়ের লাশ, পুলিশ বলছে ‘বিদ্যুৎপৃষ্টে’ মৃত্যু

“ছেলের বউ তানজিলা দেখতে পান শাশুড়ি ও ননদ বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোরিকশার পাশে পড়ে আছে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বাড়ির আঙিনায় চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- একই গ্রামের আলমের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা (২১) ।

স্থানীয়দের বরাতে ওসি মনিরুল ইসলাম বলেন, “আলম রাতে বাড়ির আঙিনায় অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হওয়া। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।  

“পরে ছেলের বউ তানজিলা শাশুড়ি ও ননদের লাশ অটোরিকশার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের জানালে তারা থানায় খবর দেন।”    

তিনি বলেন, “মা-মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।”