১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু

পুরোদমে আম পাড়া শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানান বাগান মালিকরা।

রাজশাহীতে গুটি জাতের আম পাড়া শুরু
রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পেড়ে ঝুড়িতে ভরছেন এক চাষি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী রাজশাহীতে শুরু হয়েছে আম পাড়া। তবে ভালোভাবে পরিপক্ব না হওয়ায় সব বাগানে আম পাড়া শুরু হয়নি।

বুধবার সকাল থেকে বাগান মালিকরা গুটি জাতের আম পাড়তে শুরু করেছেন বলে জানান রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে সালমা।

নগরীর জিন্নানগর এলাকার বাগান মালিক আনোয়ারুল হক বলেন, “এখনও পুরোপুরি আম পরিপক্ব হয়নি। পুরোদমে আম পাড়া শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে যে-সব গাছে আম পরিপক্ব হয়েছে শুধু সেগুলো বেছে বেছে পাড়া হয়েছে।”

এবার গাছের মাত্র ২৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ আম টিকে আছে বলে জানান এ বাগান মালিক।

আনোয়ারুল হক বলেন, প্রথম দিকে আমের মুকুল ভালোই এসেছিল। কিন্তু ফাল্গুনে একটানা বৃষ্টি হওয়ার ফলে মুকুল নষ্ট হয়ে যায়। তবে দেরিতে যে মুকুলগুলো এসেছিল এখন সেগুলোর আম টিকে আছে। এর মধ্যে গরমের কারণেও কিছু আম ঝরে পড়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উম্মে সালমা বলেন, রাজশাহী জেলা প্রশাসন থেকে আম সংগ্রহ ও বাজারজাত করার দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী গুটি জাতের নাম নামানো শুরু হয়েছে।

আর গোপালভোগ, লক্ষণভোগ, লখনা ও রাণীপছন্দ আম ২৫ মে থেকে, হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ও ব্যানানা আম ১০ জুন, আম্রপালি ও ফজলি আম ১৫ জুন থেকে পাড়া যাবে। এ ছাড়া আশ্বিনা ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে পাড়তে পারবেন বাগান মালিকরা। 

রাজশাহীতে এ বছর ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে; আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ৩১৫ টন।