Published : 16 Jul 2025, 02:12 PM
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাংচুর, বোমাবাজি হয়েছে।
বুধবার বেলা দেড়টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয়বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে এনসিপি নেতাকর্মীদের অভিযোগ।
এ সময় সেখানে কয়েকটি ককটেল ফাটানো হয় এবং সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পুলিশ হামলাকারীদের বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি বলেও এনসিপির অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা যখন হয়, তখন বৃষ্টি চলছিল। সমাবেশমঞ্চে ছিলেন এনসিপির স্থানীয় নেতারা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালেই পুরোদমে সমাবেশের কার্যক্রম শুরুর জন্য তারা অপেক্ষা করছিলেন।
এ সময় খাল পার হয়ে এসে লাঠিসোঁটা নিয়ে পৌরপার্কে সমাবেশস্থলে ঢুকে পড়েন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই থেকে তিনশন নেতাকর্মী। তারা বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করেন একং সমাবেশ মঞ্চের ব্যানার ছিঁড়ে চেয়ার ও মাইক ভাঙচুর শুরু করেন।

এ সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। হঠাৎ আক্রমণে হতচকিত এনসিপি কর্মীরাও দৌড়ে সরে যান।
তবে অল্প সময়ের মধ্যে তারা সামলে উঠে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানও ঘটনাস্থলে আসেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বেলা ২টার পরপরই সমাবেশস্থলে পৌঁছান। এরপর পুরোদমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ঘুরে বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে পৌঁছানোর আগে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় ছাত্রলীগ কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করে।
এ সময় সেখানে কয়েকজন পুলিশ সদস্য মারধরের শিকার হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান।
এরপর বেলা ১১টার দিকে টেকেরহাট সড়কের কংশুর এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। এ সময় গাড়িচালক মইন আহত হন।
এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যে সমাবেশ মঞ্চে হামলা হয়।
এর আগে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।