১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২০

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল থেকে এই হামলার ঘটনা ঘটে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিজয় মিছিল থেকে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম। 

আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়।

অপরদিকে একই সময় কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার, ড্যাব নেতা চিকিৎসক শাহ আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়ালের পক্ষের নেতাকর্মীরা শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করছিলেন।

টিটোর নেতৃত্বে মিছিলটি সমাবেশের কাছাকাছি চলে আসায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর উপজেলা বিএনপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে ‘আওয়ামীপন্থি’ লোকজন নিয়ে সমাবেশের পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। 

“পরে কালিহাতীর মানুষ প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।”

হামলার অভিযোগ অস্বীকার করে কালিহাতী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মজনু মিয়া বলেন, “আমরা বিজয় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। পথে তারা মিছিলে ঢুকে আমাদের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ থেকে ১৫ কর্মী-সমর্থক আহত হয়েছে।

“এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করব কি-না তা নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, “পাশাপাশি বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে কোনো মারামারি হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।