২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের ‘উদ্ভট নিয়মে’ সংবিধান পরিবর্তনের চেষ্টা হয়েছিল: স্পিকার

“অন্তর্বর্তী সরকার সফল না হলেও সুষ্ঠু নির্বাচন দিয়েছে”, বলেন স্পিকার

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

অন্তর্বর্তী সরকার কিছু ‘উদ্ভট নিয়ম’ করে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছিল-  এমন কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, “জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারাই দেশের ভাগ্য নির্ধারণ করবেন। শুধু তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধনের, অন্য কারোর নয়।”

বৃহস্পতিবার দুপুরে নিজ জেলা ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার অভিযোগ করেন, অদক্ষ লোকের হাতে ক্ষমতা থাকায় অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতির সূচক নিচে নেমে গিয়েছিল।

তিনি বলেন, “হামের টিকা সময়মত না আনার কারণে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে।”

অন্তর্বর্তী সরকারের মূল্যায়নে তিনি বলেন, “তারা নিরপেক্ষ সরকার হিসেবে চেষ্টা করলেও অভিজ্ঞতার অভাবে সফল হতে পারেনি। তবে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পেরেছে।”

এজন্য তিনি সামরিক বাহিনীকেও ধন্যবাদ জানান।

স্পিকার আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দল আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে। তার মতে, এ সনদ নিয়ে দুই প্রধান দলের মধ্যে মৌলিক কোনো মতভেদ নেই, যদিও কিছু রাজনৈতিক কূটচাল রয়েছে।

তিনি বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন ঠেকাতে উভয় দল একমত হবে।

‘জুলাই সনদে’ বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে স্পিকার বলেন, দলটি বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে সনদে স্বাক্ষর করেছে এবং সংসদে তা বাস্তবায়নের কথা জানিয়েছে।

তবে যেসব বিষয়ে তাদের ভিন্নমত রয়েছে, সেগুলো জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়নের আইনি অধিকার তাদের রয়েছে বলে জানান তিনি।

দুপুরে ভোলা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি দল স্পিকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তিন দিনের সফরে স্পিকার নির্বাচনি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন।