১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারসহ সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৬

ছয়টি ট্রান্সফরমারের অংশ বিশেষ, তামার কয়েল, সরকারি বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

ফেনীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারসহ সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞা উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:24 PM

Updated : 17 Jul 2023, 10:24 PM

ফেনীর দাগনভূঞা উপজেলায় পল্লী বিদ্যুতের চুরি হওয়া ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে; এ সময় চোর চক্রের ‘মূলহোতা’সহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ শাহাদাত হোসেন।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী সেনবাগ উপজেলার মাহাতাবপুর গ্রামের জসিম উদ্দিন (৪০), নোয়াখালী সুধারাম থানার লালপুল গ্রামের মো. কামাল (৩১), একই থানার শালিপুর গ্রামের অটোরিকশা চালক ইলিয়াস (২৬), ধর্মপুর গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী (মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী) বোরহান উদ্দিন (২৮), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসুদিহাত গ্রামের মো. সবুজ (২৭) ও ভোলার বোরহান উদ্দিন থানার চরআলহগী ইউনিয়নের দেয়ালা গ্রামের মো. খোকন (৩৫)।

মামলার বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, উপজেলার রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও সিলোনীয়াসহ বিভিন্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি হয়।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের দাগনভূঞা জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম রাশেদুল ইসলামসহ একাধিক কর্মকর্তা বাদী হয়ে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি বলেন, “যার সূত্র ধরে পুলিশ রোববার রাতের বিভিন্ন সময়ে ফেনী ও পাশের জেলা নোয়াখালীতে অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতাসহ ছয় আসামিকে গ্রেপ্তার করে।”

এ সময় নোয়াখালীর সুধারাম থানা এলাকার ভাঙ্গারী দোকানে বিক্রি হওয়া ছয়টি ট্রান্সফরমারের অংশ বিশেষ, তামার কয়েল, সরকারি বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও ট্রান্সফরমার কয়েল বিক্রির ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “গ্রেপ্তাররা ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা এবং নোয়াখালী জেলার সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ট্রান্সফরমার চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করেন। পরে সেখান থেকে সরঞ্জামগুলো ঢাকার মিটফোর্ড এলাকায় বিক্রি করত তারা।”

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”