Published : 21 Feb 2024, 06:43 PM
খুলনায় খাদ্য গুদামের অভ্যন্তরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা স্টিল সাইলো নির্মাণ কাজে ব্যবহৃত বিশাল আকৃতির একটি ক্রেন পাশের একটি বসতিতে উপড়ে পড়েছে।
দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, বুধবার ভোর ৫টার দিকে নগরীর মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য গুদামে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নির্মাণাধীন স্টিল সাইলোর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এইচ এম আল ইমরান বলেন, “স্টিল সাইলোটি নির্মাণের জন্য ব্যবহৃত চায়নার তৈরি ক্রেনটি ১০ মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন। এটি লম্বায় ৬০ মিটার এবং উচ্চতা ৫৬ মিটার।
“ভোরে ক্রেনটি হঠাৎ করে নির্মাণাধীন সাইলোর দক্ষিণ দিকের বসতি এলাকায় গাছের উপর উপড়ে পড়ে।”
ক্রেনটি চায়না থেকে নতুন এনে প্রথমে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত হয়। এরপর গত সাত মাস ধরে এ প্রজেক্টে ব্যবহৃত হচ্ছে। তবে কাজের শুরু থেকে ত্রুটি দেখা দেয়নি বলে জানান এ প্রকৌশলী।
এদিকে ক্রেন পড়ার বিকট শব্দে ঘুমিয়ে থাকা লোকজন এবং শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকল্পটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।