২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধে’ পরিচ্ছন্ন কর্মী খুন

ভাই-ভাতিজারা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি নিহতের স্ত্রীর।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক পরিচ্ছন্ন কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-ভাতিজাদের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

নিহত ৫৫ বছর বয়সি আদা চন্দ্র দাস ওই গ্রামের কার্তিক চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া বসতভিটার সীমানা নির্ধারণ নিয়ে বড় ভাই নৃপেন চন্দ্র দাসের সঙ্গে আদা চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

বৃহস্পতিবার নৃপেন চন্দ্র দাস নিজ বসতভিটায় আদা চন্দ্র দাসের বাড়ির সীমানা ঘেঁষে একটি টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। এতে আদা চন্দ্র দাস বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শুক্রবার দুপুরে আদা চন্দ্র দাস বাড়ির সামনে ছাগল চরাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

আদা চন্দ্র দাসের স্ত্রী ঝলমলি দাস বলেন, “আমার স্বামীকে তার ভাই-ভাতিজারা পরিকল্পিতভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। স্বামী হত্যার বিচার চাই।”

ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, আদা চন্দ্র দাসের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান আছে। এ ঘটনায় জড়িতের ধরতে অভিযান চলছে।