মাদারীপুরে হত্যা মামলার আসামিকে গলা কেটে খুন
মামলায় জামিনে থেকে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাস করছিলেন।
মাদারীপুরের রাজৈর উপজেলায় হত্যা মামলার আসামির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি এলাকার একটি বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন।
নিহত শাহীন শেখ (২৫) উপজেলার বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, শাহীন শেখ ২০১৯ সালের ৯ মে একই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার ছয় নম্বর আসামি ছিলেন। ওই মামলায় জামিনে থেকে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাস করছিলেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী শাহীন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
