২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 06:36 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি।

আটক সজিব আলী (২৪) রাজশাহী নগরের চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, সজিব রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে তাকে শনাক্ত করা হয়। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মাসুমা মুস্তারি বলেন, “সজিবের বিষয়ে যাচাই-বাছাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না সেটি দেখার পর তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”