২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আলাদা ঘটনায় শিশু ও প্রাইভেট কার চালকের লাশ উদ্ধার

প্রতিবেশীর ছাদে শিশু এবং মাঠ থেকে প্রাইভেট কার চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

নরসিংদী সদর ও রায়পুরা উপজেলায় আলাদা ঘটনায় শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রায়পুরায় প্রতিবেশীর ছাদ থেকে শিশু এবং সদর উপজেলার বাগহাটা খিদিরপুরে মাঠ থেকে প্রাইভেট কার চালকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

নিহত ছয় বছর বয়সী আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

অপর নিহত প্রাইভেট কার চালক মাহাবু্ব (৩৭) সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্বজন জানায়, শনিবার সকালে আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিন সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে রহমানের লাশ পাওয়া যায়। পরে ইদ্রিস মিয়া বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

প্রাইভেট কার চালকের পরিবারের অভিযোগ, বেশ কদিন ধরে একটি প্রাইভেট কার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। শনিবার রাতে দেড় লাখ টাকাসহ রজব আলী, লিডার দিপু, শাওনসহ কয়েকজনের সঙ্গে বের হন তিনি। তবে রাতে আর বাড়ি ফেরেননি। পরে রাতেই পুলিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। 

এদিন সকালে একটি মাঠ থেকে মাহাবুবের মৃতদেহের পাওয়া যায়। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে থাকা দেড় লাখ টাকাসহ তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।