২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে: রংপুরে নাহিদ

রংপুর পর্যটন মোটেলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 08:38 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

দেশে এখন নানামুখী সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচারী শক্তি ষড়যন্ত্র করছে। সংকট মোকাবিলায় আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। কেউ যদি মনে করেন এককভাবে নেতৃত্ব দেবেন, সরকার গঠন করে ফেলবেন- এটি আসলে সম্ভব হবে না।

“দেশে সবগুলো পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে এককভাবে সরকার গঠন এবং সংসদ টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা, সংস্কার, বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেটি টেকসই হবে না।”

বুধবার সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগর কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, “গণহত্যার বিচারের রোডম্যাপ দিয়ে বিচারকে এগিয়ে নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।”

নির্বাচনি জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে। ১৬ বছর অনেকে জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে পারেনি। বিভিন্ন দলের অতীত কলঙ্ক রয়েছে। 

“বিএনপির শাসনামল নিয়ে দুর্নীতির অনেক সমালোচনা রয়েছে। ৫ অগাস্টের পরও তাদের দল নিয়ে সমালোচনা হয়েছে। জামায়াতের ঐতিহাসিকভাবে দায়ভার রয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তীতে তারাও সমালোচিত। তাই কোনো ধরনের জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। জোটের বিষয়ে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার, সংস্কারের প্রশ্নে আমাদের কাছাকাছি ভূমিকায় রয়েছে, তাদের বিষয়ে চিন্তা করব।”  

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ, জেলা এনপিসির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা উপস্থিত ছিলেন।