নরসিংদীতে পুকুর পাড়ে পড়েছিল কিশোর ইজিবাইক চালকের লাশ
ঘটনাস্থলের কাছেই ইজিবাইক পাওয়া গেলেও এর মধ্যে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।
নরসিংদী সদর উপজেলার একটি পুকুর পাড়ে থেকে এক কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগা মাঠের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।
নিহত ফাহিম মিয়া (১৭) ওই এলাকার বাসিন্দা। তিনি ইজিবাইক চালাতেন। তার বাবা রুহুল আমিন একজন বাস চালক।
পুলিশ জানায়, সোমবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ফাহিম। রাত ৮টার দিকে বাবার সঙ্গে শেষবার কথা হলে তিনি জানান, কয়েকজন লোক তার পিছু নিয়েছে।
এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিন সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে ফাহিমের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছেই ফাহিমের ইজিবাইক পাওয়া গেলেও এর মধ্যে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।
ওসি আল মামুন বলেন, লাশের মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পুকুরপাড়ে ছিল। নিহতের গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
