সরকারি চাকরিতে ৫% পাহাড়ি কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ
তারা অবলিম্বে ১৯০০ সালের রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি। একইসঙ্গে তারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা সমর্থিত এ ছাত্র সংগঠনের উদ্যোগে বুধবার সকালে টাউনহলের সামনে থেকে বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনোতোষ ত্রিপুরা, জেলা সভাপতি সুভাষ চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান চাকমা, সচেতন ছাত্র সমাজের কৃপায়ন ত্রিপুরা।
সরকারি চাকরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা পুনর্বহালের দাবি জানান বক্তরা। পাশাপাশি তারা বলেন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি পাহাড়ি জনগোষ্ঠির রক্ষাকবচ। কিন্তু সরকার এ শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে।
তারা অবলিম্বে ১৯০০ সালের রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
