নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল, সম্পাদক কামরুল
নির্বাচনে ক্লাবের শতভাগ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
নাটোর প্রেস ক্লাবের নির্বাচনে দৈনিক যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের মো. কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ শেষে শনিবার দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ।
এ সময় নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন, এম এ সেলিম উপস্থিত ছিলেন।
আল আসাদ বিন সাঈদ বলেন, নির্বাচনে সভাপতি পদে মো. শহীদুল হক সরকার ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পেয়েছেন ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের নাজমুল হাসান ১৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে এনামুর রহমান চিনু (খবরপত্র), বিনা প্রতিদ্বন্দিতায় জুনিয়র সহসভাপতি পদে মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন), বিনাপ্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ পদে আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক পদে মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস) জয় পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ক্লাবের শতভাগ সদস্য (৪৬ জন) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
