২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল কেনাবেচায় গরমিল: কুমিল্লায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে তেল মজুদের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি ও পরিমাপে কম দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ভ্রাম্যমাণ আদালত।

তেল কেনাবেচায় গরমিল: কুমিল্লায় পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ যাচাই করছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 11:23 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় তেল কেনাবেচার তথ্যে গরমিলের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে উপজেলা তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন মালিককে এ জরিমানা করা হয় বলে জানান কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।

এ ছাড়া উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন এবং মেসার্স ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

ইউএনও জোহরা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মজুদের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি, পরিমাপে কম দেওয়া এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

এ সময় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল কেনাবেচার তথ্যে গরমিল পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। 

তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।