২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজ আশ্রম সেবাইতের বস্তাবন্দি লাশ উদ্ধার

বুদ্ধিমন্ত সরকার (৭০) কোটালীপাড়ার নৈয়ারবাড়ি গ্রামের ‘সদাচার সেবাশ্রম ও মন্দির’ এর সেবাইত ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

নিখোঁজের তিন দিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বৃদ্ধ আশ্রম সেবাইতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার দুপুরে উপজেলার ওয়াপদা খালের রামশীল স্লুইস গেইটের পাশ মরদেহটি উদ্ধার করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান।  

নিহত বুদ্ধিমন্ত সরকার (৭০) উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের ‘সদাচার সেবাশ্রম ও মন্দির’ এর সেবাইত ছিলেন। তিনি ওই গ্রামের কুট্টিশ্বর সরকারের ছেলে।

প্রতিবেশী মৃন্ময় সরকার জানান, পাঁচ-ছয় বছর ধরে বুদ্ধিমন্ত সরকার ‘সদাচার সেবাশ্রম ও মন্দির’ এর সেবাইত হিসেবে কাজ করে আসছিলেন। তিনি এ আশ্রমে রাতেও থাকতেন। প্রয়োজন হলে কখনো কখনো নিজের বাড়িতে গিয়েও থাকতেন। 

শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ হন। তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। দুপুরে তার লাশ উদ্ধার হয়েছে। 

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

“বুদ্ধিমন্তকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহটি পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত আমরা এ হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন করতে পারব।”