Published : 26 Jan 2026, 08:32 PM
কক্সবাজার সদর উপজেলায় বাঁকখালী নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ভাসতে থাকা আরও ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে কক্সবাজার-মহেশখালী নৌপথে নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন।
নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ওসি ছমিউদ্দিন বলেন, “দুপুরে স্পিডবোট দুর্ঘটনায় গুরুতর অবস্থায় এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
কক্সবাজার-মহেশখালী নৌপথে স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময় যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে।
তিনি বলেন, “বাঁকখালী নদীর মোহনা এলাকায় পৌঁছালে একটি স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি স্পিডবোট থেমে থাকা বোটটিকে ধাক্কা দেয়। এতে দুটি স্পিডবোট উল্টে যাত্রীরা পানিতে ছিটকে পড়েন।”
খবর পেয়ে আশপাশের স্পিডবোট ও ট্রলারের লোকজন পানিতে ভাসমান অবস্থায় এক নারীসহ ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপর বিআইডব্লিউটিএর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন নারীর মৃত্যুর তথ্য পেয়েছেন তারা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।