২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সালিশে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধারণা করা হচ্ছে, সালিস বৈঠকের নামে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

 গাজীপুরের শ্রীপুর উপজেলায় সালিশ বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. নুরুজ্জামান (৩৫) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাইল্লাবাউলা গ্রামের মোহাম্মদ জাহের খানের ছেলে। তিনি রঙিলা বাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে এক্সাভেটর চালাতেন। 

এ ব্যাপারে নিহতের স্ত্রী রোজিনা খাতুন শুক্রবার বিকেলে মামলা করেছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।  

মামলার বরাতে পুলিশ জানায়, নুরুজ্জামান যে বাসায় ভাড়া থাকেন। তার পাশের কক্ষে এক নারী পোশাকশ্রমিক ভাড়া থাকেন। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে গোসলের সময় নুরুজ্জামান দেয়ালের উপর দিয়ে তার ভিডিও ধারণ করেছেন। 

তখন ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে সন্ধ্যায় সালিশ বৈঠক বসে। সেখানে নুরুজ্জামানকে পিটিয়ে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।   

নিহত নুরুজ্জামানের ভাই কামাল হোসেন বলেন, “১৩ বছর ধরে ভাই এই এলাকায় থাকেন। আমিও গাজীপুরে থাকি। ভাইকে পিটিয়ে মেরে ফেলছে ওরা। এখন পর্যন্ত ভাইয়ের মোবাইল ফোন পাইনি। এর সত্যতা কী, তাও জানি না।

“অপরাধ করলেই কি একেবারে শেষ করে দেবে? ভাইয়ের মাথা ও গলায় অনেক আঘাতের চিহ্ন। অনেক রক্তক্ষরণ হয়েছে। পুরো বাথরুমে রক্ত। তারা যদি না মারত, তাহলে পালাল কেন?”

অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সালিস বৈঠকের নামে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে অভিযুক্ত ব্যক্তিরা।” 

তিনি বলেন, “যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে, সেটি উদ্ধার করা হয়েছে।”