২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, পুড়েছে ২ ট্রাক

“আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা সবাই মিলে নেভানোর চেষ্টা করি।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুরাতন ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারের দক্ষিণ পাশে ফারুকের মালিকানাধীন ভাঙারির দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে এবং সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটির তার থেকে আগুনের স্ফুলিঙ্গ দোকানে পড়ে। পরে ধীরে ধীরে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের ট্রাক দুটিতেও আগুন লাগে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, “হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ পড়ে দোকানে আগুন ধরে যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা সবাই মিলে নেভানোর চেষ্টা করি।”

ভাঙারির দোকানের মালিক ফারুক বলেন, “আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”

ট্রাকের চালকরা জানান, দোকানের সামনে পার্কিং করা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ায় ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেছে।

ইন্সপেক্টর নুরুল করিম বলেন, ভাঙারির দোকানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। 

এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।