মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টায় পাঁচজন গ্রেপ্তার
সোমবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়ায় রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবন্ধকতা তৈরি করে প্রাইভেট কারে ডাকাতির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ডাকাত সদস্যদের কাছ থেকে তিনটি ছেন দা ও ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), একই উপজেলার মো. ইসমাঈল সরদার (৩৮), মাদারীপুরের কালকিনির মো. রমজান বেপারী (২৭), সদর উপজেলার মো. লিমন মাতব্বর (২০), পটুয়াখালীর কলাপাড়ার মো. রাসেল মোল্লা (২৪)। তারা সবাই ঢাকার কেরাণীগঞ্জে ভাড়া থাকেন।
সোমবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়ায় রাম দা হাতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। রামদা নিয়ে আসা ডাকাতের হাত থেকে সবাই রক্ষা পান গাড়ির চালকের বুদ্ধিমত্তায়।
ঘটনার সময় গাড়ির একটি ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, মো. রবিউল আলম (৩০) নামের এক ব্যক্তি মাদারীপুরের শিবচর থেকে তার গাড়িতে করে এক অসুস্থ প্রতিবেশীসহ চারজনকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার দিকে যাচ্ছিলেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ দেখেন।
দ্রুত যাওয়ার জন্য রবিউল গাড়ি নিয়ে ঢাকামুখী বাঁ পাশের সার্ভিস লেন দিয়ে চলতে থাকেন। গাড়িটি ষোলঘর এলে রাস্তার ওপর শণের কিছু আঁটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড দেখতে পান।
তিনি গাড়ি থামাতেই রাস্তার নিচ থেকে দেশীয় ধারালো অস্ত্র সজ্জিত ছয়জন ডাকাত অস্ত্র উঁচিয়ে গাড়িতে আক্রমণ করতে ছুটে আসে। তাদের একজন গাড়ির ডান পাশে আঘাত করতেই চালক রবিউল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটি দ্রুত পেছনের দিকে চালনা করেন।
ডাকাত দল গাড়িটিকে ধরার জন্য অস্ত্রসহ ধাওয়া করে। কিন্তু গাড়িটিকে ধরতে ব্যর্থ হয়ে একজন ডাকাত ক্ষোভে তার ধারালো অস্ত্রটি গাড়ির দিকে ছুড়ে মারে।
