Published : 17 Aug 2025, 10:30 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে লুট হওয়া আরও ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে টাস্কফোর্স। এ ছাড়া আটক করা হয়েছে ছয়জনকে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট সদর উপজেলা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয় বলে জানিয়েছে টাস্কফোর্স।
এদিকে শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বিশেষ অভিযানের সময় দেশি অস্ত্র, এয়ারগান ও মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী হাকিম আশিক মাহমুদ কবির।
গ্রেপ্তররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রামের প্রয়াত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার প্রয়াত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) এবং রুহেল আহমদ (২৫)।
অপর গ্রেপ্তার ফাহিম মিয়া ও হেলাল আহমেদ সদর উপজেলার ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটার বাসিন্দা। তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, উপজেলার জুমপার এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রাতেও জাফলংয়ে অবস্থান করার কথা জানিয়েছেন তিনি।
ইউএনও বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে বিকাল ৫টা পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ ঘনফুট পাথর জাফলং জিরো পয়েন্ট এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। এ ছাড়া নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা ৫০টি নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তমালিকা পাল বলেন, কোম্পানীগঞ্জের কলাবাড়ি ও কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর সাদাপাথর পর্যটনকেন্দ্রে নেওয়া হয়েছে। বাকি ২০ হাজার ঘনফুট পাথর কালীবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় আছে। সেগুলোও পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
এদিকে সিলেট সদর উপজেলার ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের পাশে মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী হাকিম আশিক মাহমুদ কবির বলেন, পাথর উদ্ধারের পাশাপাশি সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রামে আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে বসতবাড়ি থেকে একটি দা, দুটি ছুরি, একটি বল্লম, ভারতীয় মদ, একটি এয়ারগানসহ দুইজনকে আটক করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
পরে রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় প্রয়াত গোলাম মোস্তফার ছেলে মো. আব্দুল ওয়াহিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বল্লম, একটি রামদা, একটি ছুরি ও একটি দাসহ রুহেল আহমদ এবং জাহিদকে গ্রেপ্তার করা হয়।
একই দিন সকালে পাথরবাহী একটি ট্রাকসহ দুইজন এবং কালাইরাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মাহমুদ আদনান।
তিনি বলেন, শনিবার ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। একইদিনে গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি এলাকা থেকে দুই হাজার ৫০০ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়।
এর আগে শুক্রবার বিকালে পাথর লুটের ঘটনায় খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো-বিএমডির মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় পাথর কোয়ারি থেকে ‘কোটি কোটি টাকার’ পাথর লুটের অভিযোগ আনা হয়েছে।
পিছিয়েছে তদন্ত প্রতিবেদন
সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
তদন্ত কমিটির প্রধান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ বলেন, “সার্বিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলা প্রশাসকের কাছে আরও তিন দিন সময় চেয়েছি। আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারব।”
সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সাংবাদিকদের বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেছেন তিন সদস্যের তদন্তকারী কমিটির প্রধান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।”
এর আগে ১২ অগাস্ট সিলেটের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
সাদাপাথর: বাসা-বাড়ি-মিল থেকে আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার
সিলেটে পাথর লুটের মামলায় গ্রেপ্তার ৫
পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জে মামলা
সাদাপাথর: মিল-উঠান-রান্নাঘরেও লুটের পাথর, মাটি খুঁড়ে উদ্ধার
'সাদাপাথর লুট': 'এখন পাথর ফেলে কী হবে, প্রশাসন আগে কই ছিল'
'সাদাপাথর': লুটের পাথর মাটি দিয়ে ঢাকছেন ব্যবসায়ীরা
লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফেলা হয়েছে 'সাদাপাথরে'