রাবি ছাত্রলীগের সাবেক সম্পাদক রুনু ভারতে গ্রেপ্তার
গত ২ নভেম্বর মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়া দিয়ে অনুপ্রবেশের সময় সীমান্তে রুনুকে গ্রেপ্তার করা হয়।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে গ্রেপ্তার করেছে বিএসএফ।
গত ২ নভেম্বর মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়া দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় রুনু গ্রেপ্তার হন বলে আনন্দবাজার জানিয়েছে।
রুনু ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
রুনুর বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর সরকার ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান ছিলেন। গফুর ২০০৮ সালে নওহাটা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “তাকে (রুনুকে) জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।”
মালদাহ পুলিশ ও বিএসএফ জানিয়েছে, রুনুকে আটক করেছিলেন সীমান্তে টহল দেওয়া বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। ওইদিন বিকালে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করে। শুনানি শেষে রুনুকে প্রথমে তিনদিন এবং পরে আরো পাঁচদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
মালদাহ পুলিশের ভাষ্য, ৫ অগাস্টে সরকার পতনের প্রেক্ষাপটে তিনি প্রায় দুই মাস দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে তিনি ভারতে পালিয়ে যান।
