১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

জিহাদ তার পাঁচ-ছয় জন বন্ধুর সঙ্গে ৩নং ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল।

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
জিহাদ সেখ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

সিরাজগঞ্জ শহরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডুবুরী দল নদী থেকে তার লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান। 

মারা যাওয়া জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল সেখের ছেলে এবং সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। 

স্বজনদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর জানান, শুক্রবার দুপুরে জিহাদ তার পাঁচ-ছয় জন বন্ধুর সঙ্গে ৩নং ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। 

ওই সময় তীব্র স্রোতে জিহাদসহ তিনজন নদীতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায়। 

সংবাদ পেয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি। পরে রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে সাড়ে ৯টার দিকে জিহাদের মরদেহ উদ্ধার করেন ডুবুরীরা। ঘটনাস্থলে নদীর তলদেশে বালুর বস্তার নিচে জিহাদের মরদেহ আটকে ছিল বলে জানান ডুবুরিরা। 

উদ্ধারের পর শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।