২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

জেলেদের ট্রলারটি ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে দেশটির নৌ-সেনারা গুলি ছোড়ে বলে জানায় বিজিবি।

মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত
গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 01:15 AM

Updated : 26 Aug 2026, 11:00 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহতের খবর জানিয়েছে বিজিবি।

বুধবার দুপুর উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে সাগরে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ।

গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন। তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মো. সৈয়দ আলম বলেন, সকালে দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন একটি ট্রলার নিয়ে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। 

“এক পর্যায়ে তারা সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে সাগরের মিয়ানমারের অভ্যন্তরের ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে। এক পর্যায়ে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হন।”

দ্বীপের বাসিন্দা ও ফেরত আসা জেলে নেজাম উদ্দিন বলেন, “মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাদের ট্রলারের এক জেলের বাম হাতে গুলি লাগে। পরে সেন্ট মার্টিনে ফিরে স্থানীয় এক ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়।”

মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, “সাগরে মাছ ধরার সময় বাংলাদেশি একটি ট্রলারের জেলেরা ভুলক্রমে মিয়ানমারের জলসীমার কিছুটা ভেতরে ঢুকে পড়েন। এ সময় দেশটির নৌ-সেনারা গুলি ছুড়লে এক জেলে গুলিবিদ্ধ হয়।”

তবে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।