নওগাঁয় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
একটি বাড়িতে রংয়ের কাজ শেষে ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন রংমিস্ত্রি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মনসুর রহমান।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২৫), কালুশহর গ্রামের আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং দুর্গাপুর গ্রামের খোয়াজা উদ্দিনের ছেলে নুর আলম (৪৫)। তারা পেশায় রংমিস্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চৌবাড়ীয়া এলাকার একটি বাড়িতে রংয়ের কাজ শেষে ওই তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল মারা যান।
স্থানীয়রা গুরুতর জাহিদুল ইসলাম ও নুর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
ওসি মনসুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
