Published : 02 Sep 2026, 09:58 PM
রাঙামাটিতে আলাদা অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। যাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’ করে ফেইসবুকে পোস্ট এবং অন্যজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও বুধবার বিকালে একই কমিটির প্রচার সম্পাদককে আলাদা বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।
তারা হলেন- রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।
এর মধ্যে আলভী বিদ্যুৎ নিয়ে সমালোচনা করেন এবং আরিফুল মাদকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলার অধীনে রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
ছাত্রদল রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা আলভী বলেন, “বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি মনে করি, জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আমাদের আত্মসমালোচনার জায়গাটিও থাকতে হবে।
“আমি গতকাল (মঙ্গলবার) সংগঠনের কাছে লিখিতভাবে কারণ দর্শানো নোটিসের জবাব দিয়েছি। তবুও রাত ১০টার দিকে আমাকে বহিষ্কার করা হলো। আমি আন্তরিকভাবে দলের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছি। তবুও রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার সঙ্গে এমনটি হলো।”
অন্যদিকে এদিন সকালে রাঙামাটি জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায়। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, গ্রেপ্তার আরিফুর রহমান মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।