১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক

অভিযানের বিষয়টি টের পেয়ে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টার সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 04:57 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

কক্সবাজারে সমুদ্রসৈকত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান।

আটকরা হলেন, মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আরমান হোসেন (৩৪)।

ইলিয়াস খান বলেন, “সোমবার সকালে ওই ঝাউবাগান এলাকায় কিছু লোকজন অস্ত্র নিয়ে অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। টের পেয়ে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। তখন তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

“পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুটি গুলি।”

তিনি বলেন, “আটকদের দেওয়া তথ্যে, ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।“

“আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। অস্ত্রের উৎস জানতে কাজ করছে পুলিশ,” বলেন ওসি।