২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে আমুর ভাতিজি জামাই গ্রেপ্তার

ঝালকাঠিতে আমুর ভাতিজি জামাই গ্রেপ্তার
(বাঁ থেকে) যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের (মাঝে) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান সুরুজ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

ঝালকাঠিতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাতিজি জামাই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে শেখেরহাট ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। 

গ্রেপ্তার সাইফুল ইসলাম বাবু (৪০) সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। 

এ ছাড়া তিনি আমির হোসেন আমুর চাচাত ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন সুজনের মেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নাজিয়া হাসান নুরহানের স্বামী।

বাবু মির্জাপুরে আমির হোসেন আমুর গ্রামের বাড়িতে থেকে বাড়িটি দেখাশোনা করতেন। 

স্থানীয় কয়েকজনের দাবি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের গ্রামের বাড়ি শেখেরহাট ইউনিয়নের রাজপাশা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। জুবায়ের ও বাবুর বাড়ি একই গ্রামে। 

সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই জুবায়েরের বাড়িতে গিয়ে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন।   

তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, “যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কোনোদিন আমার বাড়িতে ছিল না, সে আমার বাড়ি থেকে গ্রেপ্তার হয়নি। পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।”

ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাবুর নামে কোনো মামলা ছিল না। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটকের পর ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে বোমা হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।