Published : 26 Jun 2026, 09:27 PM
সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার বিকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।”
তিনি বলেন, শিগগিরই সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল চালু হবে। এটি পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলেও জানান তিনি। এ ছাড়া নগরীতে একটি উন্মুক্ত স্থান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে মানুষ হাঁটাচলা ও অবসর কাটাতে পারবেন।
এদিকে, সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা-২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়। ২০২৪ সালের সম্মাননা পেয়েছেন আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কণ্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (সাংস্কৃতিক সংগঠন)।
২০২৫ সালের সম্মাননা পেয়েছেন সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (সাংস্কৃতিক সংগঠন)।
অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের ক্রেস্ট, সম্মাননা চেক, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।