বরিশালে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
মিছিলে ‘আওয়ামী লীগ নিষিদ্ধে কালো আইন প্রত্যাহার’, ‘পুলিশ হত্যার বিচার’ দাবি করা হয়।
বরিশাল নগরীতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের কাকলী হল মোড় থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিলটি বের করেন। পরে এটি জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “নামাজের আগে একটি মিছিল হওয়ার খবর আমরা পেয়েছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মিছিলে ‘আওয়ামী লীগ নিষিদ্ধে কালো আইন প্রত্যাহার’, ‘পুলিশ হত্যার বিচার’ দাবি করা হয়।
মিছিলে বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবির পাশাপাশি বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খানের ছবিও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অংশগ্রহণকারীদের সবার মুখে মাস্ক ছিল। রাজীব হোসেন খানের অনুসারীরাই মিছিলটি বের করে।
২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
