Published : 09 Jan 2026, 11:28 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে নওগাঁয় ১৮ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
পুলিশ বলছে, চক্রটি প্রশ্নপত্র দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে নওগাঁ শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে প্রশ্নফাঁস চক্রের ‘হোতা’ আহসান হাবিব ও মামুনুর রশিদসহ ১৮ জনকে আটক করা হয়। এর মধ্যে পরীক্ষার্থী, ভুয়া পরীক্ষার্থী ও অভিভাবকও রয়েছেন।
আহসান হাবিব মহাদেবপুর উপজেলার জিউলি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মামুনুর রশিদ পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে।

শুক্রবার একযোগে দেশের আট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষার্থী আটক
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে পরীক্ষা চলার সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করার কথা বলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পিটিআই ইন্সট্রাক্টর চাঁপাইনবাবগঞ্জ মেহের নিগার সমাপ্তি।
রোকসানা খাতুন নামে ওই পরীক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগরের আব্দুর রাজ্জাকের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. নূরে আলম বলেন, ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ দায়ের করেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।