২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

ঈদযাত্রার প্রথম দিন থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলের জন্য উত্তরবঙ্গগামী লেনের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 08:31 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সড়ক বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। দেশের অন্য অঞ্চলের ন্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। 

মঙ্গলবার দিনভর এই মহাসড়কে যানবাহন অতিরিক্ত চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে বলে জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ওপর দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। 

এ ছাড়া ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য উত্তরবঙ্গগামী লেনের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে বলে জানান প্রকৌশলী আহসানুল। 

এদিকে ঈদযাত্রার শুরুতেই গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না ঘরমুখো মানুষ।

হাইওয়ে পুলিশ বলছেন, ঈদযাত্রার প্রথম দিন মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিকালে থেকে মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছেন।

বাস যাত্রী মিনারুল ইসলাম বলেন, ঈদযাত্রার শুরু দিকেই অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। এর মধ্যে গণপরিবহনের সংখ্যাও তুলনামূলক কম।

ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশে মোটরসাইকেলের জন্য দুটি করে বুথ বসানো হয়েছে।

বিকাল থেকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ সময় মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু গোল চত্বর পর্যন্ত মহাসড়কে ঘুরে ঘুরে টহল দেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া এবং সদর থানার ওসি তানভীর আহাম্মেদ উপস্থিত ছিলেন।