২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তার ঘর থেকে একটি পাইপ গান, আটটি গুলি, দুটি দা ও একটি রামদা উদ্ধার করে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বরিশালের বানারীপাড়া উপজেলায় আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার মধ্যরাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান। 

গ্রেপ্তার তারিকুল ইসলাম তারেক (৪৭) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মজিবর রহমান বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তারেককে তার বসতঘর থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে একটি পাইপ গান, আটটি গুলি, দুটি দা ও একটি রামদা উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় এসআই সিদ্বার্থ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। এ মামলায় তারেককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।