২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের গ্রামে হঠাৎ পানির দাম বৃদ্ধি, ১৩০০ গ্রাহকের ক্ষোভ

সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামীণ সরবরাহ লাইনের পানির দাম হঠাৎ করেই বাড়িয়ে দেওয়ায় গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস সেপ্টেম্বর থেকে গ্রাহক প্রতি পানির দাম ১০০ টাকা করে বাড়ানোর জন্য বকেয়া বৈদ্যুতিক বিলের কথা বলেছেন। 

উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কার্যালয় জানায়, সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনের পাশে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হয়। 

এখান থেকে এক হাজার ৩০০ গ্রাহকের মধ্যে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এটি পরিচালনার জন্য ‘পাটগাতী গ্রামীণ পানি সমিতি’ গঠন করা হয়। ইউপি চেয়ারম্যানকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি রয়েছে। আর উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের প্রকৌশলীকে।

পানির গ্রাহক পাটগাতী গ্রামের রহমত আলী বিশ্বাস, গিমাডাঙ্গা গ্রামের আজিম শেখ বলেন, এতদিন আধা ইঞ্চি ব্যাসার্ধের পাইপের পানির লাইনে ২৫০ টাকা এবং পৌনে এক ইঞ্চি ব্যাসার্ধের পাইপের পানির লাইনে ৩০০ টাকা করে মাসিক পানির বিল দিয়ে আসছিলেন তারা। 

কিন্তু চলতি মাসে হঠাৎ করে ২৫০ টাকার বিল ৩৫০ টাকা এবং ৩০০ টাকার বিল ৪০০ টাকা করা হয়েছে।

আজিম শেখ বলেন, “আমরা বর্ধিত পানির বিল হাতে পাওয়ার পর বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। আমরা বর্ধিত পানির বিল গ্রহণ করার পর ইউনিয়ন পরিষদে ফেরত পাঠাই। পরে ইউনিয়ন পরিষদের লোকজন গোপনে আমাদের বাড়িতে বর্ধিত পানির বিল রেখে আসে।” 

রহমত আলী বিশ্বাস বলেন, “আমরা পাটগাতী ইউপি চেয়ারম্যান সুভাষ বিশ্বাসের কাছে পানির বিল বৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন, ইউএনও সিদ্ধান্ত অনুযায়ী পানির বিল বাড়ানো হয়েছে।”

গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মো. মোস্তাকির হোসেন বলেন, “প্রতিদিন পানি দেওয়ার কথা থাকলেও সপ্তাহে দুদিন পানি দেয় পরিষদ। প্রথম দিকে পরিষ্কার পানি দিলেও বর্তমানে ঘোলা পানি দেয়। তবু প্রতি মাসে আমি ২৫০ টাকা বিল পরিশোধ করে আসছি। কিন্তু এই মাসে হঠাৎ ৩৫০ টাকার পানির বিল নিয়ে আসলে আমরা রাখিনি।”

একই গ্রামের জুয়েল শেখ বলেন, “আমরা গরিব মানুষ, তাই ১০০ টাকা আমাদের কাছে অনেক। পানির দাম চেয়ারম্যান একক সিদ্ধান্তে বৃদ্ধি করেছেন। আমাদের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি চেয়ারম্যানের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার।”

জিন্নাত শেখ বলেন, “পরিষদ থেকে হুমকি দিছে, বর্ধিত বিল না দিলে লাইন কেটে দেবে।”

তবে পাটগাতী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস দাবি করেছেন, “কমিটির সবাইকে নিয়ে মিটিং করে পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ বিষয়ে ইউএনও ম্যাডামও অবগত রয়েছেন। প্রায় ১০ লাখ টাকার বিদ্যুৎ বিল বাকি রয়েছে। তাই পানির বিল বাড়ানো হয়েছে।”

টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, “পদাধিকার বলে জনস্বাস্থ্যের প্রকৌশলীকে পাটগাতী গ্রামীণ পানি সমিতির উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে। কিছু দিন আগে বিল বাড়ানোর জন্য চেয়ারম্যান মিটিং ডাকলে গ্রাহকদের জানানোর জন্য মাইকিং করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু পরে তারা কী করেছে সেটি আমার জানা নেই।”

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, “চেয়ারম্যান আমাকে এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিল। তখন আমি বলেছি যে, বিষয়টিতে আমার এখতিয়ার নেই, সে বিষয়ে আমি কেন কথা বলব! সেটা আপনাদের ব্যাপার।”