কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন
তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্ত দিয়ে তাদের পাঠানোর পর বিজিবি আটক করে বলে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানিয়েছেন।
তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও বিজিবি।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা বলছে, খুটামারা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত রেখা ১০১১ পিলার এলাকা দিয়ে দিয়ে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী সড়কে ঘোরাঘুরি করার সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
তারা এক বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে যায় বলে জানা গেছে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, “আটকরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।”
ওসি আল হেলাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। তবে নাম-পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
